দল সাফ তবুও আদালতে মমতা, শঙ্কর ঘোষের তোপ!
বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর ভবানীপুর কেন্দ্রে নিজের হারের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে নির্বাচনী পিটিশন দাখিল করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে এই বড় ব্যবধানে হারের রায়কে আদালতে চ্যালেঞ্জ জানানোর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বর্তমান রাজ্য মন্ত্রিসভার সদস্য শঙ্কর ঘোষ। তাঁর দাবি, এই আইনি লড়াইয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত জনমতকেই অপমান করছেন।
মঙ্গলবার বিধানসভায় সর্বদলীয় বৈঠকের পর শঙ্কর ঘোষ অভিযোগ করেন, নন্দীগ্রামে হারের মতো ভবানীপুর কেন্দ্রেও একই পথে হাঁটছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি জানান, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে যারা রাজনীতির আঙিনায় সততার প্রতীক ছিলেন, আজ তারা দুর্নীতির প্রতীক হিসেবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন। বিগত সরকারে বিরোধী বিধায়কদের সাসপেন্ড করার ঘটনার উল্লেখ করে শঙ্কর ঘোষ জোর দিয়ে বলেন, বর্তমান সরকার রাজ্যে রাজনৈতিক হিংসা বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।