যোগীরাজ্যের মাদ্রাসায় এবার বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরা!
উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও নজরদারি নিশ্চিত করতে রাজ্যের সমস্ত মাদ্রাসায় শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রদের জন্য আধার-ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে যোগী আদিত্যনাথ সরকার। এ বিষয়ে উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা পর্ষদ রাজ্যের সমস্ত জেলার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আধিকারিকদের কাছে একটি নতুন নির্দেশিকা পাঠিয়েছে। সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় ইতিমধ্যে বায়োমেট্রিক ব্যবস্থা চালু থাকলেও, এবার তা সরাসরি আধারের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।
সম্প্রতি বারাবাঁকির একটি মাদ্রাসায় বায়োমেট্রিক যন্ত্রে প্লাস্টিক কার্ড ব্যবহারের মাধ্যমে হাজিরা জালিয়াতির অভিযোগ ওঠায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব মাদ্রাসায় এখনো বায়োমেট্রিক পরিকাঠামো নেই, সেখানে দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম বসাতে হবে। মাদ্রাসা শিক্ষা পর্ষদ এই পুরো ব্যবস্থার তদারকি করবে এবং কোনো প্রযুক্তিগত সমস্যা হলে তা সমাধানের দায়িত্ব নেবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ভুয়া হাজিরা বা কারচুপি পুরোপুরি রোধ করা।