কাকলি-সুদীপ-শতাব্দীদের কি ডাকছে এনসিপিআই!
এনসিপিআই-তে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, দাবি কাকলি ঘোষ দস্তিদারের
তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দেওয়া কার্যত নিশ্চিত হয়েছে। মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, তাঁদের দলে নিতে এনসিপিআই কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে। তিনি আরও জানান, এনসিপিআই-তে যোগ দেওয়ার পর তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এনডিএ জোটের শরিক হিসেবে কাজ করবেন।
কাকলি ঘোষ দস্তিদারের দাবি, বর্তমানে তৃণমূলে বিদ্রোহের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং বিদ্রোহী সাংসদের সংখ্যা ২০ থেকে বেড়ে ২২-এ দাঁড়িয়েছে। তবে রাজ্য রাজনীতিতে সক্রিয় ‘বেসুরো’ বিধায়কদের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেছেন। এর আগে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আলাদা ব্লকে বসার আবেদন জানিয়েছিলেন এই বিদ্রোহী সাংসদরা। ২০২৩ সালে নির্বাচন কমিশনে নথিভুক্ত হওয়া এনসিপিআই দলের ছত্রছায়ায় তাঁদের এই নতুন রাজনৈতিক যাত্রার খবরে দিল্লির রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।