বোরখা নিয়ে বিতর্কিত মন্তব্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর!
ডিম ছোড়া কাণ্ড নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নদিয়ার হোগলবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। করিমপুর মণ্ডল-৪ এর সাধারণ সম্পাদক হীরক ভট্টাচার্যের দায়ের করা এই অভিযোগে দাবি করা হয়েছে, সাংসদের ওই মন্তব্য হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ অভিযোগপত্রটি সাইবার ক্রাইম বিভাগে পাঠিয়েছে।
ঘটনার সূত্রপাত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বলের বাড়িতে ত্রাণসামগ্রী মজুত থাকার অভিযোগকে কেন্দ্র করে। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি কর্মীদের ডিম হাতে দাঁড়িয়ে থাকার একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন মহুয়া মৈত্র। অভিযোগ, সেই পোস্টে বিজেপির কয়েকজন হিন্দু কর্মীর নাম উল্লেখ করে তাঁদের ‘বোরখা’ পরার নিদান দেন তিনি। এ বিষয়ে বিজেপি নেতা হীরক ভট্টাচার্যের দাবি, সাংসদের এই উস্কানিমূলক মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। বর্তমানে এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল সাংসদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।