ইডি ও সিআইডির চাপে কোণঠাসা অভিষেক, দল বাঁচাতে মরিয়া চেষ্টা!
ইডি ও সিআইডি-র জেরার মুখে অভিষেক, মিস করলেন স্পিকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ
তৃণমূল কংগ্রেসের ২০ জন লোকসভা সাংসদের বিদ্রোহ এবং দলত্যাগের আশঙ্কার আবহে চরম রাজনৈতিক চাপের মুখে পড়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অখণ্ডতা বজায় রাখতে ও বিদ্রোহী গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আর্জি জানিয়ে রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি তিন পাতার চিঠি পাঠিয়েছিলেন তিনি। এই বিষয়ে আলোচনার জন্য স্পিকারের দফতর থেকে সোমবার বিকেল ৪টায় সাক্ষাতের সময় নির্ধারণ করে অভিষেককে ইমেইল করা হয়। কিন্তু ওই একই সময়ে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি কার্যালয়ে ১১ ঘণ্টার ম্যারাথন জেরার মুখোমুখি থাকায় অভিষেক সেই ইমেইল দেখতে পাননি। ফলে নির্ধারিত সময়ে তাঁর পক্ষে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি।
ইডির জেরার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। ‘ডিজে বাজাব’ মন্তব্য সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ভবানী ভবনে তলব করা হয়। মঙ্গলবার সকাল থেকে টানা সাড়ে ৬ ঘণ্টা তাঁর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টানা জেরা, অন্যদিকে রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া এবং লোকসভায় দলের অভ্যন্তরীণ সংকট—এই ত্রিমুখী পরিস্থিতির জেরে বর্তমানে চরম চাপের মুখে রয়েছেন তৃণমূলের এই সাংসদ।