নন্দীগ্রামের পর এবার ভবানীপুর, শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে নিজের পরাজয়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে নির্বাচনী আবেদন (Election Petition) দাখিল করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। ১৫,১০৫ ভোটে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আবেদনে ভোট গণনায় বিভিন্ন অসঙ্গতির অভিযোগ তুলেছেন এবং এই নির্বাচনের সঙ্গে জড়িত সমস্ত সরকারি নথি ও প্রমাণাদি অবিলম্বে সংরক্ষণের নির্দেশ জারির আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মামলা করেছিলেন, যা বর্তমানে বিচারাধীন। এবার ভবানীপুরের ফলাফল নিয়েও আইনি লড়াই শুরু করলেন তিনি। গত ৪ মে ঘোষিত ভোটের ফলাফলে শুভেন্দু অধিকারীর জয়ের মাধ্যমে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে এবং তিনি রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই জয়ের বৈধতাকে আইনি কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলায় আদালতের হস্তক্ষেপে দাবি জানালেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *