তামিলনাড়ুর কৃষকদের জন্য বড় সুখবর, ৭৫ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করলেন মুখ্যমন্ত্রী!
তামিলনাড়ুর সমবায় ব্যাংক থেকে নেওয়া কৃষকদের ফসল ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে রাজ্যের প্রায় ১৪.৪৩ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন। এই ঋণ মওকুফের জেরে রাজ্যের কোষাগারে প্রায় ৬,০০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি হলেও, সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
নতুন ঘোষণা অনুযায়ী, গত ১ মে ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে যেসকল কৃষক ৭৫,০০০ টাকা পর্যন্ত ফসল ঋণ নিয়েছেন, তাঁদের পুরো ঋণ সম্পূর্ণ মওকুফ করা হবে। এছাড়া, ৭৫,০০০ টাকার বেশি ঋণ নেওয়া কৃষকদের ক্ষেত্রে এককালীন ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। মূলত বিভিন্ন কৃষক সংগঠনের দাবির প্রেক্ষিতেই সরকার পূর্বের ৫০,০০০ টাকা মওকুফের সিদ্ধান্ত পরিবর্তন করে এই নতুন সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাংকের নিয়ম মেনে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সমবায় ব্যাংকগুলোকে ঋণের সমপরিমাণ অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।