ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরভোট, ওয়ার্ড পুনর্বিন্যাসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন সম্পন্ন করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার শহরের সাংসদ, বিধায়ক, বিদায়ী কাউন্সিলর ও পুর আধিকারিকদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি জানান, সংশ্লিষ্ট এলাকার ওয়াড পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) কাজ শেষ হলেই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফার পর বর্তমান পুর বোর্ড ভেঙে যাওয়ায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর কমিশনার স্মিতা পাণ্ডেকে পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
নির্বাচন না হওয়া পর্যন্ত কলকাতার নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে বিদায়ী কাউন্সিলরদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নাগরিকদের সুবিধার্থে এখন থেকে বিদায়ী কাউন্সিলরদের পাশাপাশি পুর এলাকার বিধায়করাও বিভিন্ন শংসাপত্র ইস্যু করতে পারবেন। এছাড়া ওয়াড পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে বিভিন্ন ওয়াডের বুথসংখ্যার যে ব্যাপক অসঙ্গতি রয়েছে, তা দূর করতেই এই ডিলিমিটেশন জরুরি। রাজ্য সরকার এ বিষয়ে সুপারিশ করবে এবং রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।