নিয়োগ দুর্নীতিতে ইডির তুরুপের তাস ১৫ মিনিটের সেই অডিও রেকর্ড!
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল ১১টা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে জেরা করছেন। তদন্তকারীদের দাবি, ২০১৭ সালে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে আয়োজিত একটি গোপন বৈঠকে চাকরি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের ১৫ মিনিটের একটি অডিও রেকর্ডিং উদ্ধার হয়েছে। ওই অডিও ক্লিপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ থাকা এবং তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর যোগ থাকার বিষয়টি খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইডির তদন্তে উঠে এসেছে, চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করা হয়েছিল, যার মধ্যে ২০ কোটি টাকা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে দেওয়ার কথা ছিল। অডিও ক্লিপের সত্যতা যাচাই করতে তা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল, যেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের মিল পাওয়া গেছে। উক্ত অডিওতে পার্থ চট্টোপাধ্যায়ের নামও উঠে এসেছে, যিনি ঘুষের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া ছাড়াও সুজয়কৃষ্ণের কাছে ১৫ কোটি টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ। বর্তমানে সুজয়কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।