বিশ্বকাপ অভিষেকেই কি স্পেনের গলার কাঁটা হতে চলেছে কেপ ভার্দে!
ইউরো জয়ের ১২ বছর পর দীর্ঘ ১৬ বছরের বিশ্বকাপ-খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে স্পেন। ২০১০ সালে প্রথমবার বিশ্বজয়ের পর গত দুটি বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিতে হয়েছিল স্প্যানিশদের। তবে সাম্প্রতিক সময়ে কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে ইউরো ও নেশনস লিগ জেতায় আত্মবিশ্বাসী স্পেন সোমবার নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে। কোচ ফুয়েন্তের জন্য এটি একটি স্মরণীয় ম্যাচ হতে যাচ্ছে, কারণ এটি তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ।
ফুটবল সংস্কৃতি ও অভিজ্ঞতায় কেপ ভার্দের চেয়ে স্পেন অনেক এগিয়ে থাকলেও কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নিচ্ছেন না স্প্যানিশ কোচ। অতীতে রাশিয়া ও মরক্কোর কাছে অপ্রত্যাশিত হারের তিক্ত অভিজ্ঞতার কারণে সতর্ক অবস্থানে রয়েছে দলটি। একই সঙ্গে মার্কিন মুলুকের তীব্র গরমের কারণে ফুটবলাররা বিশেষ ‘কুলিং ভেস্ট’ পরে প্রস্তুতি নিচ্ছেন। এবারের বিশ্বকাপে তরুণ তুর্কি লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের পারফরম্যান্সের ওপর স্পেনের সাফল্য অনেকাংশে নির্ভর করছে। প্রথমবারের মতো বিশ্বকাপে নাম লেখানো কেপ ভার্দের বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপ অভিযানের শুরুটা শুভ করতে চায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।