দিল্লিতে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থাতেই প্রাণ গেল ৩ জনের!
দিল্লির তুঘলকাবাদের একটি পাঁচতলা বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বহুতলটির বেসমেন্টের পার্কিংয়ে এই আগুনের সূত্রপাত হয়, যেখানে রাখা বেশ কিছু স্কুটার, মোটরসাইকেল ও সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট বিষাক্ত ঘন ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে অন্তত আটজন দগ্ধ ও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর তৎপরতায় ভবনের অনেককে উদ্ধার করা সম্ভব হলেও সরু গলি এবং ভবনের ছাদের দরজায় তালা থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়।
ঘটনাস্থলে পৌঁছানো দমকল বাহিনী মই ও বিশেষ সরঞ্জামের সাহায্যে আটকে পড়াদের উদ্ধার করেন এবং ভোর পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কোনো যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে মৃতদের শনাক্তকরণের কাজ চলছে এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে।