ভালোবেসে বিয়ে করার মাশুল, জামাইবাবুকে গুলি করে খুন করল শ্যালক!
উত্তরপ্রদেশের সহরানপুর জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার কেন্দ্রের বাইরে শিবকুমার (২৪) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ভালোবেসে বিয়ে করার জেরে নিজের জামাইবাবুকে হত্যার অভিযোগ উঠেছে শ্যালক মঞ্জিতের বিরুদ্ধে। ঘটনার সময় শিবকুমার তাঁর স্ত্রী আকাঙ্ক্ষাকে গোচর ইন্টার কলেজে পরীক্ষা কেন্দ্রে নামিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। সেই সুযোগেই মঞ্জিত তাঁর ওপর এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ।
গুলির শব্দে পরীক্ষাকেন্দ্রের সামনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় শিবকুমারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্ত্রী আকাঙ্ক্ষার ভাষ্যমতে, চার মাস আগে পরিবারের অমতে তাঁদের বিয়ে হওয়ায় মঞ্জিত শিবকুমারের ওপর ক্ষুব্ধ ছিল। রামপুর মণিহারন থানা পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা দায়ের করেছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু করেছে।