১৬ মাসে পাকিস্তানের ৬ স্যাটেলাইট, ভারতের আকাশ কি এখন অরক্ষিত?
ভারতের ওপর নিরন্তর নজরদারি চালানোর লক্ষ্যে পাকিস্তান গত ১৬ মাসে অন্তত ছয়টি আর্থ-অবজারভেশন স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে এই উপগ্রহগুলো কক্ষপথে পাঠানো হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এই উন্নতমানের নজরদারি উপগ্রহগুলো পাকিস্তানের মহাকাশ সংস্থা ‘সুপারকো’-র পরিবর্তে মূলত চিনের প্রত্যক্ষ কারিগরি সহায়তায় উৎক্ষেপণ করা হয়েছে।
মার্কিন সংস্থা ‘কমস্পক’-এর তথ্য অনুযায়ী, স্যাটেলাইটগুলোকে এমন একটি ‘সান-সিনক্রোনাস’ কক্ষপথে স্থাপন করা হয়েছে, যা ২০ থেকে ৪০ ডিগ্রি উত্তর অক্ষাংশের ওপর দিয়ে নিয়মিত যাতায়াত করে। এর ফলে কাশ্মীরসহ ভারতের বিস্তীর্ণ স্থলভাগ ও জলসীমার সামরিক গতিবিধির ওপর পাকিস্তান সার্বক্ষণিক নজরদারি চালাতে সক্ষম হচ্ছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এগুলোকে কৃষি উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনার কাজে ব্যবহারের কথা বললেও, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, স্বল্প সময়ে ধারাবাহিকভাবে এতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।