আমি পড়তে চাই! চিরকুট লিখে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল মালদার কিশোরী
মালদার হবিবপুর ব্লকের দশম শ্রেণির এক ছাত্রী নিজের ইচ্ছাশক্তি ও অদম্য সাহসের জোরে বাল্যবিবাহ রুখে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। বাবার মৃত্যুর পর পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করলে, ওই ১৬ বছর বয়সী কিশোরী প্রতিবাদে সোচ্চার হয়। প্রায় এক সপ্তাহ গৃহবন্দি থাকার পর সে কৌশলে স্কুলের শিক্ষকদের কাছে একটি চিরকুট পাঠায়। সেখানে লেখা ছিল, ‘আমাকে বাঁচান স্যর, আমি পড়তে চাই।’
স্কুলের প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ীসহ পাঁচ শিক্ষক চিরকুট পাওয়ার পরপরই ছাত্রীর বাড়িতে উপস্থিত হন। তারা পরিবারকে আইনত বাল্যবিবাহের কুফল ও পরিণাম সম্পর্কে সতর্ক করেন। শিক্ষকদের দীর্ঘ প্রচেষ্টায় শেষ পর্যন্ত পরিবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। প্রতিকূলতা কাটিয়ে ওই ছাত্রী পুনরায় সোমবার থেকে নিয়মিত ক্লাসে যোগ দিয়েছে। বড় হয়ে সে শিক্ষক হতে চায় এবং তার এই সাহসিকতাকে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।