স্মার্ট প্রযুক্তিতে বদলে যাচ্ছে ভারতের ল্যান্ড পোর্ট, সীমান্তে বাড়বে গতি ও নিরাপত্তা!
দেশের সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (LPMS) বা ‘বিনিময়’ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (LPAI) পরিচালিত দেশের ১৫টি স্থল বন্দরের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তি-চালিত করাই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট’ ধারনার অংশ হিসেবে এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে স্থল বন্দরগুলোকে বিমান ও সমুদ্রবন্দরের আধুনিক সুবিধায় সজ্জিত করা হবে।
নতুন এই প্ল্যাটফর্মটি কাস্টমস, ইমিগ্রেশন, সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে তথ্যের নিরাপদ ও রিয়েল-টাইম আদান-প্রদান নিশ্চিত করবে। এর ফলে পণ্যবাহী যানবাহন ও যাত্রীদের যাতায়াত প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। এতে এন্ড-টু-এন্ড ডিজিটাল ওয়ার্কফ্লো, অনলাইন স্লট বুকিং, ডিজিটাল পেমেন্ট এবং সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সের মতো সুবিধা যুক্ত করা হয়েছে। প্ল্যাটফর্মটি ইন্ডিয়ান কাস্টমস ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ গেটওয়ে (ICEGATE) ও ইউনিফাইড লজিস্টিকস ইন্টারফেস প্ল্যাটফর্মের (ULIP) সাথে সমন্বিত করা হয়েছে, যা কেন্দ্রীয় সরকারের ‘বিকশিত ভারত ২০৪৭’ ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।