বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? নবান্নের চাবিকাঠি খুঁজতে কলকাতায় আসছেন অমিত শাহ

বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন মুহূর্তের সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী। প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এখন সবার নজর পরবর্তী মুখ্যমন্ত্রীর নামের দিকে। এই জটিল রাজনৈতিক সমীকরণ মেলাতে এবং বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচন করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি।

দিল্লিতে সাজানো হচ্ছে রূপরেখা

বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভের পর বাংলায় সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। তবে প্রশাসনিক প্রধানের আসনে কে বসবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নির্বাচনের বিষয়টি সরাসরি তদারকি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেলেই কেন্দ্রীয় নেতা সুনীল বনসল এবং ভূপেন্দ্র যাদব দিল্লিতে নীতিন নবীন ও অমিত শাহের কাছে রাজ্যের বিস্তারিত রিপোর্ট পেশ করবেন। এরপরই বুধবার কলকাতায় আসতে পারেন শাহ। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। আগামী ৯ মে ব্রিগেড ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্য়েই শুরু হয়েছে।

অসমে পর্যবেক্ষক নাড্ডা এবং বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট

বাংলার পাশাপাশি অসমেও বিপুল জয় পেয়েছে গেরুয়া শিবির। সেখানে ৮২টি আসনে জয়ী হওয়ার পর বিধায়ক দলের নেতা বাছার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় নেতা জে পি নাড্ডাকে। তাঁর সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি।

নির্বাচনী ফলাফলের পর রাজ্যের নিচু তলার রাজনৈতিক সমীকরণেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে অটো, টোটো ও রিকশা ইউনিয়নগুলোতে রাতারাতি পতাকার রঙ বদলানোর খবর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, অমিত শাহকে বাংলার পর্যবেক্ষক করার অর্থ হলো, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই জানা যেতে পারে কার মাথায় উঠছে বাংলার রাজমুকুট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *