বাঁকুড়ায় ‘গেরুয়া ঝড়’, ফল বেরোতেই মমতার ছবি মুছলেন বিষ্ণুপুরের তৃণমূল নেতা!
বাঁকুড়ায় বিজেপির জয় কার্যত নিশ্চিত হতেই উলটপুরাণ বিষ্ণুপুরে। গণনার প্রাথমিক ট্রেন্ড আসতেই নাটকীয়ভাবে ভোল বদলালেন বিষ্ণুপুর শহর তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি সুকান্ত রায়। যে হাতে কদিন আগেও দলের হয়ে দেওয়াল লিখন আর প্রচার করেছিলেন, সেই হাতেই আজ মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি মুছতে দেখা গেল তাঁকে।
বিষ্ণুপুর পুরসভার সামনে প্রকাশ্যে তৃণমূলের দেওয়াল লিখন মুছলেন সুকান্ত রায়। গায়ে গেরুয়া আবির মেখে নেত্রী ও সেনাপতির ছবির ওপর সাদা রং লেপে দেওয়ার সেই দৃশ্য দেখে তাজ্জব স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া জেলার ১২টি আসনের প্রায় সবক’টিতেই বিজেপির জয় যখন সময়ের অপেক্ষা, তখনই শাসক দলের এই প্রাক্তন নেতার এমন আচরণে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
প্রচারের সময় যিনি ঘাসফুল শিবিরের সামনের সারিতে ছিলেন, সেই সুকান্ত রায়ের এই ‘ভোলবদল’ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বাঁকুড়া জেলাজুড়ে তৃণমূলের শোচনীয় ফলের পর এই ঘটনা প্রমাণ করল, রাজনীতির হাওয়া বদলাতেই পুরোনো আনুগত্য বিসর্জন দিতে কসুর করছেন না অনেকেই। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, পরাজয় নিশ্চিত দেখে ভয় বা সুবিধার আশায় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। অন্যদিকে, গেরুয়া আবির গায়ে সুকান্তর এই সাদা রং লেপে দেওয়ার ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।