অক্ষয় তৃতীয়া ২০২৬: সৌভাগ্যের চাবিকাঠি!

অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে দেশজুড়ে, বিশ্বাস নতুন সূচনা ও সমৃদ্ধির

১৯ এপ্রিল ২০২৬, আজ সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ও শুভ দিন অক্ষয় তৃতীয়া সারা দেশে উদযাপিত হচ্ছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, ‘অক্ষয়’ শব্দের অর্থ হল যার ক্ষয় নেই, তাই এই দিনে করা যে কোনও পুণ্যকর্ম বা শুভ কাজের ফল দীর্ঘস্থায়ী হয়। এই বিশেষ দিনে যে কোনও শুভ কাজ শুরু করার জন্য আলাদা করে কোনও তিথি বা মুহূ্র্ত দেখার প্রয়োজন পড়ে না। এই দিনে ভাগ্য পরিবর্তন এবং সমৃদ্ধি আনার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলার ওপর জোর দেওয়া হয়।

এই বিশেষ দিনে সোনা, রুপো বা তামা ক্রয় করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকে মনে করেন, এদিন সোনা কেনা পরিবারের সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক। এই গরমে জল, পাখা, ছাতা বা জুতো দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং লক্ষ্মী-নারায়ণের পূজা পারিবারিক শান্তি বজায় রাখতে সহায়ক বলে বিশ্বাস করা হয়। নতুন ব্যবসা শুরু করা বা গৃহপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্যও এই দিনটি অত্যন্ত প্রশস্ত।

অন্যদিকে, সৌভাগ্য ধরে রাখতে কিছু কাজ থেকে বিরত থাকাও জরুরি। এই দিনে কাউকে টাকা ধার দেওয়া বা কারও কাছ থেকে ঋণ নেওয়া আর্থিক সংকটের কারণ হতে পারে। বাড়িতে অশান্তি বা ঝগড়া করলে দেবী লক্ষ্মী রুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। আমিষ আহার, মদ্যপান এবং চুল বা দাড়ি কাটা থেকে বিরত থাকাকে শাস্ত্রসম্মত মনে করা হয়। এছাড়াও, ঘর অন্ধকার করে রাখা বা খালি হাতে বাড়ি ফেরা অশুভ বলে গণ্য হয়। ধারালো বা সূক্ষ্ম কোনও বস্তু কেনাও এই দিনে এড়িয়ে চলা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *