ট্রাম্পের নীতিতে ইউ-টার্ন: ভারতের স্বস্তি!
যুক্তরাষ্ট্রের রাশিয়ার তেল আমদানিতে বিশেষ ছাড়, ভারতে স্বস্তি
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে। মাত্র ৪৮ ঘণ্টা আগেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিলেও, শেষ পর্যন্ত ভারতকে স্বস্তি দিয়ে এক মাসের বিশেষ সুযোগ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি বিভাগের নতুন নির্দেশনা অনুযায়ী, ১৭ এপ্রিল বা তার আগে লোড করা রুশ জ্বালানি তেল কোনো বাধা ছাড়াই আগামী ১৬ মে পর্যন্ত গ্রহণ করতে পারবে আমদানিকারক দেশগুলো।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি সামাল দিতেই ট্রাম্প প্রশাসন এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে। এছাড়া, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় ওয়াশিংটন এই ‘মধ্যপন্থা’ বেছে নিতে বাধ্য হয়েছে। তবে রাশিয়ার ক্ষেত্রে ছাড় দিলেও, ইরানের ওপর চাপের নীতি আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র।
এই আকস্মিক সিদ্ধান্তে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত। নিজস্ব জ্বালানি চাহিদা মেটাতে ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে প্রায় ৩ কোটি ব্যারেল তেলের অর্ডার দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে ভারতীয় সংস্থাগুলো রুশ তেলের বিষয়ে যে দ্বিধায় ছিল, এই ৩০ দিনের সময়সীমা তাদের জন্য বড় অক্সিজেন হিসেবে কাজ করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। এই সিদ্ধান্ত মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্কের সৃষ্টি করেছে, যেখানে ডেমোক্র্যাট সদস্যরা এর তীব্র সমালোচনা করেছেন।