দীনেশ ত্রিবেদী ভারতে নতুন হাই কমিশনার!
বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হতে চলেছেন দীনেশ ত্রিবেদী
প্রতিবেশী দেশ বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত হতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। ভারতের বিদেশমন্ত্রক এই রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান হাই কমিশনার প্রণয় বর্মাকে ব্রাসেলস ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের দূত হিসেবে পাঠানোর পর। সাধারণত পেশাদার কূটনীতিকদের এই পদে দেখা গেলেও, ঢাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে একজন অভিজ্ঞ রাজনীতিকের ওপর আস্থা রাখল ভারত সরকার।
দীনেশ ত্রিবেদী পূর্বতন রেলমন্ত্রী এবং দীর্ঘদিনের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাবলীল বাংলা বলার ক্ষমতা তাঁকে এই পদের জন্য বিশেষভাবে যোগ্য করে তুলেছে। বাংলাদেশে রাজনৈতিক বোঝাপড়া স্থাপন এবং জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে সুসম্পর্ক বজায় রাখা তাঁর জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রথাগত কূটনীতির চেয়ে রাজনৈতিক সংলাপের গুরুত্ব বেড়েছে। ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় জামায়াতে ইসলামীর মতো প্রভাবশালী শক্তির সঙ্গে সংলাপ চালাতে একজন রাজনীতিবিদের ভূমিকা বেশি কার্যকর হতে পারে। এই নিয়োগ ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।