থামতেই চমক! অফিসারদের চোখ কপালে, কন্টেইনার ভর্তি ২৪৫ কোটি সোনা-হীরা!

চেন্নাইয়ে নির্বাচন কমিশনের হাতে ২৪৫ কোটি টাকার সোনা ও হীরা সমেত সন্দেহজনক লরি আটক

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চেন্নাইয়ের আদায়ার এলাকায় এক বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। গতকাল ভোরে একটি কন্টেইনার লরি তল্লাশি করে প্রায় ২৪৫ কোটি টাকা মূল্যের সোনা ও হীরার অলঙ্কার উদ্ধার করা হয়েছে। রাজ্যজুড়ে নির্বাচনী বিধিনিষেধ কঠোরভাবে পালনের সময় এত বড় অংকের মূল্যবান সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড নিয়মিত টহলদারির সময় একটি সন্দেহভাজন লরিকে থামিয়ে তল্লাশি চালায়। লরিটির ভেতর অসংখ্য বক্সে ঠাসা ছিল বিপুল পরিমাণ সোনার গয়না ও দামি হীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর লরি চালক জানান, অলঙ্কারগুলো চেন্নাইয়ের সওকারপেট থেকে পাল্লাভারমের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। একটি লজিস্টিক কোম্পানির মাধ্যমে এই পরিবহন চললেও নির্বাচনের বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো জব্দ করা হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্দিষ্ট সীমার বেশি মূল্যের সম্পদ পরিবহনের ক্ষেত্রে বৈধ বিলের পাশাপাশি নির্বাচন কমিশনের আগাম অনুমতি বাধ্যতামূলক। সংশ্লিষ্ট সংস্থাটির কাছে কমিশনের কোনো বৈধ অনুমতিপত্র না থাকায় সোনা ও হীরাগুলো সরাসরি আয়কর বিভাগের (আইটি) কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এই বিপুল পরিমাণ অলঙ্কার কোনো বাণিজ্যিক লেনদেনের অংশ নাকি ভোটারদের প্রভাবিত করতে পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *