ঠান্ডা মাথায় তোপ! মোদীর গুন্ডারাজ মন্তব্যের কড়া জবাব অভিষেকের!
২০২৬ বিধানসভা নির্বাচন: মোদীর ‘গুন্ডারাজ’ অভিযোগের জবাবে অভিষেকের পাল্টা আক্রমণ
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনৈতিক ময়দানে চলছে তীব্র আক্রমণ ও পাল্টা আক্রমণের পালা। সম্প্রতি বাঁকুড়ার এক নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘গুন্ডারাজ’ চালানোর অভিযোগ এনেছেন। তিনি ২৯ এপ্রিলের মধ্যে দলের দুষ্কৃতী ও সিন্ডিকেট রাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের থানায় আত্মসমর্পণের হুঁশিয়ারিও দিয়েছেন। এই মন্তব্যের প্রত্যুত্তরে দক্ষিণ ২৪ পরগনার সাগরের এক জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি দেশের মানুষের প্রধানমন্ত্রী, পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনি শান্ত থাকুন এবং মাথা ঠান্ডা রাখুন।” অভিষেকের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা, আদালত ও নির্বাচন কমিশনকে ব্যবহার করেও বিজেপি সুবিধা করতে পারছে না, তাই প্রধানমন্ত্রী এখন সাধারণ মানুষকে জেল খাটাোর ভয় দেখাচ্ছেন। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে সমস্ত চেষ্টা সত্ত্বেও বাংলায় তৃণমূলের জনসমর্থনে চিড় ধরানো সম্ভব হচ্ছে না এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই ক্ষমতায় ফিরবে। রাজনৈতিক বাদানুবাদের পাশাপাশি, অভিষেক কেন্দ্রের বিজেপি সরকারকে উন্নয়নের বিষয়েও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, ভোটের পরে নয়, বরং এখনই কেন্দ্র সরকারের উচিত রাজ্যের মৎস্যজীবী, যুবক ও মহিলাদের বকেয়া টাকা সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া। সাগরের সভা থেকে তিনি এলাকার উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুড়িগঙ্গা নদীর উপর নির্মীয়মান সেতু আগামী দুই বছরের মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন।