পুলিশের বাইক বাহিনী! এবার উৎসবের ভোটে শান্তি!
২০২৬ বিধানসভা নির্বাচন: আইন-শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনের নজিরবিহীন নির্দেশিকা
আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন একগুচ্ছ নজিরবিহীন নির্দেশিকা জারি করেছে। শনিবার রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে কমিশন স্পষ্ট জানিয়েছে যে, যাদের নামে জামিন অযোগ্য পরোয়ানা বা ওয়ারেন্ট রয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি, কোনো দাগি অপরাধী যাতে অবাধে এলাকায় ঘুরে বেড়াতে না পারে, সেই দায়িত্ব সরাসরি সংশ্লিষ্ট থানার ওসি-দের ওপর বর্তানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে পুলিশকে বলপ্রয়োগের স্বাধীনতাও দেওয়া হয়েছে।
ভোটের দিনে সরু গলি বা ঘিঞ্জি এলাকাগুলিতে দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে পুলিশের গাড়িগুলির প্রায়শই সমস্যায় পড়তে হয়। এই সমস্যা দূর করতে কমিশন এবার ‘মোটরবাইক বাহিনী’ ব্যবহারের নির্দেশ দিয়েছে। এমন অনেক বুথ রয়েছে যেখানে বড় গাড়ি ঢোকা সম্ভব নয়। সেই সব স্পর্শকাতর এলাকায় গোলমাল শুরু হওয়া মাত্রই যাতে পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি সামাল দিতে পারে, সেই কারণে প্রতিটি থানাকে বাইক বাহিনী প্রস্তুত রাখতে বলা হয়েছে। কমিশন আরও জানিয়েছে যে, পরিকাঠামোগত অভাবকে অজুহাত হিসেবে দেখানো হবে না। যেসব থানায় পর্যাপ্ত মোটরসাইকেল নেই, তাদের তালিকা পেলে কমিশন নিজেই যান সরবরাহের ব্যবস্থা করবে। ভোটারদের মনে ভয় দূর করে আত্মবিশ্বাস জোগানো এবং বুথ স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য। রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশকে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।