কর্মক্ষেত্রে ‘আন্টি’ সম্বোধন, মহিলায় জরিমানা!
সহকর্মী নারীকে ‘আন্টি’ সম্বোধন: কর্মক্ষেত্রে হেনস্থার দায়ে সহকর্মীর লাখ টাকা জরিমানা
লন্ডনের একটি হাসপাতালে কর্মরত এক ভারতীয় বংশোদ্ভূত নারীকে বারবার ‘আন্টি’ বলে সম্বোধন করার অভিযোগে এক পুরুষ সহকর্মীকে বড় অংকের জরিমানা করা হয়েছে। ওয়াটফোর্ড এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে। ট্রাইব্যুনাল স্পষ্ট করেছে যে, পেশাদার কর্মক্ষেত্রে কারো অনিচ্ছাসত্ত্বেও এমন সম্বোধন কেবল অভদ্রতা নয়, বরং আইনি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ৬১ বছর বয়সী ওই নারী স্বাস্থ্যকর্মী বারবার নিষেধ করা সত্ত্বেও অভিযুক্ত নার্স তাকে এই নামে ডেকে হেনস্তা করে আসছিলেন।
আদালতে শুনানির সময় অভিযুক্ত নার্স দাবি করেন যে, ঘানার সংস্কৃতিতে বয়োজ্যেষ্ঠ নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ‘আন্টি’ শব্দটি ব্যবহার করা হয়। তবে বিচারক জর্জ অ্যালিয়ট এই যুক্তি খারিজ করে দেন। আদালত জানায়, কর্মক্ষেত্রে একজন সহকর্মীর আপত্তির পরেও তাকে এমন ঘরোয়া বা বয়স নির্দেশক শব্দে ডাকা সম্মান নয়, বরং ‘বয়স ও লিঙ্গ বৈষম্য’ এবং মানসিকভাবে হেনস্তার শামিল। ভুক্তভোগী নারীর মানসিক অশান্তি ও আসাম্মানের কথা বিবেচনা করে লন্ডনের এনএইচএস (NHS) ট্রাস্টকে ১৪২৫ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের ফলে বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে পেশাদার আচরণবিধি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে।