খোলা জানালা, মায়ের কোল, জীবনের শেষ!
দিল্লিতে চলন্ত গাড়ি থেকে জানলা দিয়ে ছিটকে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
উত্তর দিল্লিতে আলিপুর এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই বছরের এক শিশু। জানা গেছে, পরিবারের ছয় সদস্য একটি গাড়িতে করে যাচ্ছিলেন। গাড়ির এসি ঠিকমতো কাজ না করায় জানালা খোলা রাখা হয়েছিল। এই সময় পেছন থেকে একটি দ্রুতগামী এসইউভি সজোরে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মায়ের কোল থেকে শিশুটি সরাসরি খোলা জানলা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছেন।
এই ঘটনা চলন্ত গাড়িতে নিরাপত্তা বিধি লঙ্ঘনের ভয়াবহ পরিণতির আরও একটি উদাহরণ। বিশেষজ্ঞরা বলছেন, চলন্ত গাড়িতে জানলা খোলা রাখা এবং শিশুকে কোলে নিয়ে সামনের সিটে বসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ‘চাইল্ড লক’ ব্যবহার না করা এবং চাইল্ড সিটের অভাব এই ধরনের দুর্ঘটনাকে আরও প্রাণঘাতী করে তোলে। পুলিশ ঘাতক গাড়িটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।