বাঁধাকপি ও মগজের পোকা! সত্যি জানলে চমকে যাবেন!
বাঁধাকপি খেলেই মস্তিষ্কে পোকার সংক্রমণ: প্রচলিত ভুল ধারণা, জানালেন চিকিৎসকরা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্য অনুযায়ী, বাঁধাকপি খেলে মস্তিষ্কে পোকা ছড়াতে পারে এমন আতঙ্কে অনেকেই এই পুষ্টিকর সবজিটি খাদ্যতালিকা থেকে বাদ দিয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। মস্তিষ্কে পোকা ছড়ানোর এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে ‘নিউরোসিস্টিকসারকোসিস’ বলা হয়, যা ‘টিনিয়া সোলিয়াম’ নামক এক ধরনের পরজীবীর কারণে ঘটে। এই পরজীবী কেবল বাঁধাকপিতেই সীমাবদ্ধ নয়, বরং যেকোনো দূষিত খাবার বা জলের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করতে পারে। বাঁধাকপি যেহেতু মাটির কাছাকাছি হয়, তাই সঠিক উপায়ে পরিষ্কার না করলে এর গায়ে থাকা পরজীবীর ডিম থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, বাঁধাকপি নিজে এই সমস্যার কারণ নয়, বরং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অপরিচ্ছন্নতাই আসল বিপত্তি। নিউরোসিস্টিকসারকোসিস থেকে বাঁচতে হলে যেকোনো সবজি, বিশেষ করে বাঁধাকপি খাওয়ার আগে তা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি। রান্নার আগে বাঁধাকপির বাইরের পাতা ফেলে দিয়ে প্রবহমান জলে ধুয়ে নেওয়া উচিত। আরও অধিক সুরক্ষার জন্য লবণ বা ভিনেগার মেশানো জলে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখলে ক্ষতিকারক জীবাণু ও পরজীবী ধ্বংস হয়। ভিটামিন সি, কে এবং ফাইবার সমৃদ্ধ বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক। সঠিকভাবে পরিষ্কার ও সেদ্ধ করে রান্না করলে বাঁধাকপি স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং উপকারী।