ছাদে নগ্ন উদ্ধার! মধ্যপ্রদেশের এই দৃশ্য হৃদয় বিদারক!
মধ্যপ্রদেশে বাড়ির ছাদে অমানবিক নির্যাতনের শিকার নারী উদ্ধার
মধ্যপ্রদেশের তীব্র দাবদাহের মধ্যে এক জনমানবহীন বাড়ির ছাদ থেকে প্রায় অর্ধনগ্ন ও কঙ্কালসার অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে প্রশাসন। সুত্রমতে, ৪০ বছর বয়সী সীমা সোনি নামের ওই নারীকে গত চার থেকে পাঁচ মাস ধরে অবর্ণনীয় কষ্ট ও অবহেলায় বাড়ির ছাদে ফেলে রাখা হয়েছিল। নারী ও শিশু কল্যাণ বিভাগ এবং পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই লোমহর্ষক উদ্ধারকার্য সম্পন্ন করে। উদ্ধারকার্যে নিয়োজিত কর্মকর্তাদের কাছে ওই নারী তীব্র ক্ষুধার্ত অবস্থায় অন্ন প্রার্থনা করেন।
দীর্ঘদিন ধরে পুষ্টিকর খাবারের অভাব এবং চরম অবহেলার কারণে সীমা সোনির শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। অন্তত পাঁচ মাস ধরে তিনি রোদ-বৃষ্টি সহ্য করে খোলা ছাদে একটি ময়লা চাদর জড়িয়ে পড়েছিলেন। স্নান বা ন্যূনতম পরিচ্ছন্নতার কোনো সুবিধা তিনি পাননি। উদ্ধারকারী কর্মকর্তারা এই দৃশ্যকে “কল্পনাতীত বিভীষিকাময়” বলে বর্ণনা করেছেন। বর্তমানে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সীমার স্বামী অজিত সোনির দাবি, তাঁর স্ত্রী ২০১৬ সাল থেকে মানসিক অসুস্থতায় ভুগছেন এবং চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। বাড়িতে নির্মাণকাজ চলার কারণে তাঁকে ছাদে রাখা হয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। তবে প্রশাসনের কর্মকর্তারা এই যুক্তিকে ‘ক্রুরতা’ হিসেবে অভিহিত করেছেন এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ গভীর তদন্ত শুরু করেছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।