চা বাগান শ্রমিকদের দুঃখে শিল্পপতিদের পৌষ মাস! ক্ষোভে ফুটলেন হিমন্ত!

দার্জিলিংয়ে চা শ্রমিকদের অধিকার নিয়ে প্রশ্ন, হিমন্তের তীব্র সমালোচনা

কালিম্পং জেলার গরুবাথানে এক নির্বাচনী প্রচার সভায় যোগ দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর অভিযোগ, রাজ্য সরকার দার্জিলিং পাহাড়ের চা শ্রমিকদের জমির অধিকার থেকে বঞ্চিত করে খালি বাগান জমিগুলো বিলাসবহুল হোটেল তৈরির জন্য শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে। এর বিপরীতে আসামে বিজেপি সরকার ৩ লক্ষ চা শ্রমিককে জমির পাট্টা দিয়েছে বলে তিনি দাবি করেন।

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, আসাম সরকার বোড়ো অটোনমাস কাউন্সিলকে যেখানে ৩ হাজার কোটি টাকা দিয়েছে, সেখানে বাংলার সরকার জিটিকে (Gorkhaland Territorial Administration) মাত্র ৩০০ কোটি টাকা দিয়েছে। তিনি মজুরির বৈষম্যের কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, দার্জিলিংয়ের শ্রমিকরা রেশন ছাড়া মাত্র ২৫০ টাকা মজুরি পেলেও আসামের শ্রমিকরা রেশনসহ ২৮০ টাকা পাচ্ছেন। তৃণমূল সরকার পাহাড়ের সাধারণ মানুষের স্বার্থের বদলে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলেও তিনি গুরুতর অভিযোগ করেন।

আসামের মুখ্যমন্ত্রী গোর্খাদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কংগ্রেসের সময় গোর্খাদের ওপর লাগানো ‘সন্দেহজনক ভোটার’-এর কলঙ্ক বিজেপি সরকার মুছে দিয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে চা ও সিঙ্কোনা বাগানের শ্রমিকদের আবাসন ও পাট্টা প্রদানের পাশাপাশি দার্জিলিংকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। তিনি ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে ৩ হাজার টাকার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর আশ্বাসও দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *