মাকে বাঁচাতে গিয়ে কিশোরীর জীবনে ভয়াবহ পরিণতি, কী হবে এখন!
আজমিরে কিশোরীর ওপর অ্যাসিড হামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড
রাজস্থানের আজমিরে ১২ বছরের এক কিশোরীর ওপর অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্ত মহম্মদ ইসমাইলকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখে চিতোরগড় রেলওয়ে প্ল্যাটফর্মে এই ভয়াবহ ঘটনা ঘটে। আজমিরের আদালত এই অপরাধকে মানবতার ওপর চরম আঘাত হিসেবে বর্ণনা করে অভিযুক্তকে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত কারাগারে থাকার নির্দেশ দিয়েছে।
ঘটনার দিন, অভিযুক্ত ইসমাইল মা হেনবি ও তাঁর ১২ বছর বয়সী মেয়ে মোজবিকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। মাকে বাঁচাতে এসে মোজবি সরাসরি অ্যাসিডের শিকার হয়। এই হামলায় কিশোরীটির মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে যায় এবং একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে মা হেনবিও গুরুতর আহত হন।
চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী, কিশোরীটির শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও তার মুখ এবং চোখের ক্ষতি অপরিবর্তনীয়। বিচারক তাঁর রায়ে উল্লেখ করেন যে, অ্যাসিড হামলা শুধুমাত্র শারীরিক আঘাত নয়, এটি একজন মানুষের আত্মপরিচয় ও আত্মসম্মানের ওপর এক নারকীয় আক্রমণ। বিচারকালে আদালত অভিযুক্তকে ২ লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে।