ভবানীপুরে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকের বাড়িতে আচমকা আয়কর হানা!
April 17, 2026
কলকাতার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক হিসেবে পরিচিত মিরাজ এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িসহ শহরের একাধিক স্থানে শুক্রবার আয়কর হানা চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়ার সময় মিরাজ তার সঙ্গে ছিলেন। এই আকস্মিক তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহারের এক জনসভা থেকে বিজেপির তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপির জনভিত্তি নেই বলেই তারা কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূলের নেতা-নেত্রীদের হেনস্থা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি নিজেরাই কালো টাকার পাহাড় গড়ে বসে আছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই অভিযান চালানো হচ্ছে।