নদীয়ায় ৪.৬ লক্ষ ভোটারের নাম উধাও, টার্গেট কি লক্ষ্মীর ভাণ্ডার?
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নদীয়া জেলার ভোটার তালিকা থেকে ৪ লক্ষ ৬৩ হাজার ৯৫৬ জনের নাম বাদ পড়াকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বাদ পড়া ভোটারদের মধ্যে ২ লক্ষ ৪৯ হাজার ৯৭৭ জন মহিলা এবং ২ লক্ষ ১৪ হাজার পুরুষ রয়েছেন। গত এক দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধি পেলেও ভোটার সংখ্যা ২০১৬ সালের স্তরে নেমে যাওয়ায় একদিকে যেমন প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
নির্বাচন কমিশনের প্রশাসনিক সূত্র অনুযায়ী, ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের সময় ‘আনম্যাপড’ ও ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র মতো কারিগরি জটিলতায় এই নামগুলি তালিকা থেকে বাদ পড়েছে। মূলত বিয়ের পর পদবি পরিবর্তন বা নথিপত্রে তথ্যের অমিল থাকার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এটি রাজনৈতিক চক্রান্তের অংশ। রানাঘাট ও কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রসহ জেলার সামগ্রিক নির্বাচনী ফলাফলে এই বিপুল সংখ্যক ভোটারের অনুপস্থিতি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলগুলি।