কেন রাজনীতির মূল কেন্দ্রে এখন কুড়মি ভোটব্যাঙ্ক?
বর্তমান ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের ভোটব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় কুড়মি সম্প্রদায়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর মিলে প্রায় ৪০টি বিধানসভা আসন রয়েছে, যা নবান্নে যাওয়ার অন্যতম পথ হিসেবে বিবেচিত হয়। এই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ কুড়মি সম্প্রদায়ের মানুষ, যারা নির্বাচনী ফলাফল নির্ধারণে নির্ণায়ক ভূমিকা পালন করে। এ ছাড়া এই এলাকায় ৬ থেকে ৮ শতাংশ আদিবাসী ভোটারও রয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরুলিয়ার জনসভা থেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিজেপি ক্ষমতায় এলে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করা হবে এবং কুড়মালি ও রাজবংশী ভাষাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে। কুড়মিদের আদিবাসীভুক্ত করার দীর্ঘদিনের দাবির বিষয়টি নিয়ে দিল্লির প্রতিনিধিরা অমিত শাহের সঙ্গে বিশেষ বৈঠকও করেছেন। জঙ্গলমহলে ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনে ভালো ফল করলেও ২০২৪ সালে বিজেপি সেখানে জমি হারিয়েছে, তাই হারানো প্রভাব ফিরে পেতে আদিবাসী ও কুড়মি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছানোর ওপর বর্তমানে বিশেষ জোর দিচ্ছে দলটি।