৫০০ নারীর মন জয় করে ২ কোটি উধাও! দিল্লির জালে বাংলার ধুরন্ধর রোমিও
বর্তমান ডেস্কঃ
সোশ্যাল মিডিয়া ও ম্যাট্রিমনিয়াল সাইট ব্যবহার করে প্রতারণার দায়ে পশ্চিমবঙ্গের বাসিন্দা আনন্দ কুমারকে (৩৫) গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। প্রেমের ফাঁদ পেতে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশের ৫০০-র বেশি নারীর কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবক বিভিন্ন ডেটিং অ্যাপ ও ম্যাট্রিমনিয়াল সাইটে ডাক্তার, ব্যবসায়ী, চলচ্চিত্র প্রযোজক বা আইনজীবী সেজে নারীদের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলত এবং এরপর বিভিন্ন অজুহাতে টাকা আত্মসাৎ করত।
এক ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাইবার পুলিশ প্রতারকের আসল পরিচয় শনাক্ত করে। আনন্দ কুমার ‘বৈভব অরোরা’ সেজে ওই নারীর কাছ থেকে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর নিজেকে মৃত দাবি করে আত্মগোপন করেছিল, তবে কারিগরি তদন্তের মাধ্যমে পুলিশ তাকে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনন্দ একই সাথে একাধিক ভুয়া প্রোফাইল চালাত এবং নারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করত। তল্লাশির সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড ও বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করা হয়েছে। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ সে অনলাইন গেমিং ও ব্যক্তিগত বিলাসিতায় ব্যয় করত বলে জানিয়েছে পুলিশ।