হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন, নিখোঁজ জওয়ান!
বর্তমান ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফ-এর ৭৭ নম্বর ব্যাটেলিয়ন ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে কর্তব্যরত এক জওয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পের পেট্রোল মজুত করার ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিং, যিনি এএসআই (ASI) পদে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার সময় জ্যোতিরাম সিং পেট্রোল পাম্পের ঘরে স্পিডবোর্ডের জন্য তেল দিতে গিয়েছিলেন। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ঘরটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অন্যান্য জওয়ানরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে খবর পেয়ে দমকল ও হিঙ্গলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকাজ শেষে মৃত জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।