উত্তরবঙ্গ জয়ের টার্গেট, মমতার হাইভোল্টেজ প্রচারে কাঁপছে আলিপুরদুয়ার!
বর্তমান ডেস্কঃ
বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের তিন গুরুত্বপূর্ণ কেন্দ্রে আজ জনসভা করছেন তিনি। কোচবিহারের মাথাভাঙা থেকে শুরু করে আলিপুরদুয়ার ও দিনহাটা— এই তিনটি কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সফরের প্রথম পর্যায়ে মাথাভাঙায় দলীয় প্রার্থী সাবলু বর্মনের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি কপ্টারে সরাসরি আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে পৌঁছান, যেখানে তিনি প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে ভাষণ দেন। মুখ্যমন্ত্রীর দিনের শেষ জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে দিনহাটার সংহতি ময়দানে, যেখানে তিনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহর সমর্থনে প্রচার চালাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি ভাঙার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।