৯ দিন পর অন্ধকারের বুক চিরে অলৌকিক ফেরা, নেপালে নতুন জীবন পেলেন ভারতীয় ফোরম্যান! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
কাঠমাণ্ডু: মৃত্যুর মুখ থেকে অলৌকিক প্রত্যাবর্তন! নেপালে ভয়াবহ হড়পাবানের তোড়ে ধসে পড়া সুড়ঙ্গে টানা ৯ দিন অবরুদ্ধ থাকার পর অবশেষে অলৌকিকভাবে জীবিত উদ্ধার হলেন ভারতীয় বংশোদ্ভূত মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শা (৩০)। শুক্রবার সকালে নেপাল সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর যৌথ উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতর থেকে তাঁকে এবং প্রকল্পের অটোমেশন বিভাগের সুপারভাইজার কবির মহারজনকে (৪৫) অক্ষত অবস্থায় উদ্ধার করে।
ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের কন্ট্রোল রুমে ডিউটিতে থাকার সময় এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন দক্ষিণ নেপালের সপ্তারি জেলার বাসিন্দা সঞ্জয়। দুর্যোগ শুরু হতেই নিজের প্রাণের পরোয়া না করে প্রথমে সহকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালান তিনি। সকলকে সতর্ক করে বের হতে গিয়েই তাঁর নিজের বেরিয়ে আসার মূল্যবান সময় নষ্ট হয়ে যায় এবং তিনি ধসের নিচে আটকে পড়েন।
দীর্ঘ ৯ দিন পর সঞ্জয়ের জীবিত উদ্ধারের খবরে তাঁর পরিবারে খুশির হাওয়া। সঞ্জয়ের স্ত্রী লক্ষ্মীকুমারী শা জানান, গত ১০টি দিন তাঁদের চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কেটেছে। স্বামীর জীবিত উদ্ধারের সংবাদ পেয়েই তিনি কাঠমাণ্ডুর উদ্দেশ্যে রওনা দেন। নিজের জীবন বাজি রেখে সহকর্মীদের প্রাণ বাঁচানো এবং প্রতিকূল পরিস্থিতিতে সঞ্জয়ের এই অদম্য সাহসিকতার প্রশংসা করছেন উদ্ধারকারী দল থেকে শুরু করে সকলেই।