৮ লাখ লোন নিয়ে লিঙ্গ পরিবর্তন, তারপর নিজের বোনকে বিয়ে করলেন শিক্ষিকা!
বিহারের জামুই জেলায় নিজের কতুতো বোনকে বিয়ে করার জন্য প্রেমিকার লিঙ্গ পরিবর্তন করানোর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। লক্ষ্মীপুর ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নয়নশ্রী তাঁর প্রেমিকা রাখীর লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের জন্য ব্যাংক থেকে ৮ লক্ষ টাকার লোন নেন। অস্ত্রোপচারের মাধ্যমে রাখী পুরুষে রূপান্তরিত হয়ে নিজের নাম রাখেন রাহুল। এরপর গত ৩১ মে লক্ষ্মীপুরের পতেশ্বর নাথ মন্দিরে গিয়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই বিচিত্র বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, ২২ বছর বয়সী নয়নশ্রী এবং তাঁর কতুতো বোন রাখী ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন এবং স্নাতক পড়ার সময় হোস্টেলে থাকাকালীন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৫ বছর ধরে তাঁরা গোপনে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর নয়নশ্রীর পরিবারের লোকজন রাহুলের বাড়িতে গিয়ে তীব্র আপত্তি জানালে এলাকায় ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। বর্তমানে নবদম্পতি আত্মগোপনে রয়েছেন এবং বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে।