৫০ থেকে সোজা ৪০! সরকারি কর্মীদের ছুটির তালিকা ছাঁটাইয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। – বর্তমান বাংলা

রাজ্য সরকারি ছুটির তালিকায় বড়সড় কাটছাঁটের নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারি ছুটির তালিকায় বড় ধরনের কাটছাঁট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এতদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় উৎসব এবং মনীষীদের জন্মদিবস উপলক্ষে যে দীর্ঘ তালিকা ছিল, তা পর্যালোচনা করে ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, এর আগে অর্থসচিবকে ছুটির তালিকা ছোট করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো অর্থ দফতর ৪৫ দিনের একটি খসড়া তালিকা তৈরি করলেও মুখ্যমন্ত্রী তাতে সন্তুষ্ট হননি। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, নতুন তালিকায় বার্ষিক ছুটির সংখ্যা কোনোভাবেই ৪০ দিনের বেশি হওয়া চলবে না।
তবে ঠিক কোন কোন ছুটি তালিকা থেকে বাদ পড়তে চলেছে বা কোনগুলো বহাল থাকছে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে অর্থ দফতর নতুন করে ছুটির তালিকা প্রস্তুতের কাজ চালাচ্ছে। খুব শীঘ্রই এই সংশোধিত তালিকা প্রকাশিত হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।
প্রশাসনিক মহলের একাংশের মতে, রাজ্যের সরকারি দফতরগুলোতে দীর্ঘদিনের বকেয়া কাজ দ্রুত গতিতে শেষ করার লক্ষ্যেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, ছুটির সংখ্যা কমানোর ইঙ্গিতে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।