৪ বছরের শিশুর কান্নায় ফাঁস হলো গাড়ির ভিতর জোড়া মৃত্যুর হাড়হিম করা রহস্য!
মহারাষ্ট্রের বদলাপুর এলাকার জুয়েলি থেকে এক মহিলা ও তাঁর গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চার বছরের এক শিশুর কাছ থেকে খবর পেয়ে স্থানীয়রা ওই মহিলার আত্মীয়দের সঙ্গে নিয়ে যান এবং গাড়ির ভেতরে দুজনকে মৃত অবস্থায় খুঁজে পান। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃত গৃহবধূ গত তিন মাস ধরে ওই এলাকায় বসবাস করছিলেন এবং অপরজন মুম্বইয়ের ঘাটকোপারের বাসিন্দা গাড়িচালক গণেশ শিন্ডে। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলে থাকা চার বছরের শিশুটির বয়ান রেকর্ড করার পর পুলিশের প্রাথমিক অনুমান, চালক গণেশ প্রথমে ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন এবং পরে নিজে আত্মঘাতী হন। পুলিশ কোনো ব্যক্তিগত বা পারিবারিক কারণ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে।