৩০ বছর পর মিলল সুরাহা, পুরুলিয়ায় শুরু ইনডোর পরিষেবা! – বর্তমান বাংলা

৩০ বছর পর মিলল সুরাহা, পুরুলিয়ায় শুরু ইনডোর পরিষেবা! – বর্তমান বাংলা

দীর্ঘ ৩০ বছর পর নবরূপে চালু পুরুলিয়ার আঁকরো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: প্রায় তিন দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবরূপে চালু হলো পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের আঁকরো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। শনিবার আনুষ্ঠানিকভাবে ১০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্রের ইনডোর পরিষেবার সূচনা করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ায় বোরো-জারগো ও আঁকরো-বড়কদম গ্রাম পঞ্চায়েতের প্রায় ২৪ হাজার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।

একসময় বেহাল অবস্থায় পড়ে থাকা এই স্বাস্থ্যকেন্দ্রটির জন্য ১ কোটি ৩ লক্ষ ৫৫ হাজার ৪৭৩ টাকা বরাদ্দ হলেও দীর্ঘ সময় কাজ থমকে ছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাসের তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, দীর্ঘ সময় ধরে এই স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর পরিষেবার দাবি থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি এই কাজে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুধীর কোন্তম, বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে, মানবাজারের বিধায়ক ময়না মুর্মু এবং বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখন থেকে এখানে সার্বক্ষণিক দু’জন চিকিৎসক এবং ছয়জন নার্স ও স্বাস্থ্যকর্মী রোগীদের পরিষেবা দেবেন।

উল্লেখ্য, জেলা স্বাস্থ্য দপ্তর জেলার অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নয়নেও বিশেষ উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বান্দোয়ানের লতাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে সংস্কারের কাজ চলছে। এছাড়া, দীর্ঘদিন বন্ধ থাকা আড়শা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনডোর পরিষেবাও খুব দ্রুত চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে জামতোড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্যও বরাদ্দ পাওয়ার পর দ্রুত কাজ শুরু হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *