৩০ জুনের আগেই হাতছাড়া হবে রান্নার গ্যাস! কানেকশন বাঁচাতে এই কাজ করেছেন কি?
৩০ জুনের মধ্যে এলপিজি ও পিএনজি সংযোগ নিয়ে নতুন নির্দেশিকা কার্যকর
কলকাতা: দেশের যেসব এলাকায় বর্তমানে পাইপলাইন গ্যাস বা পিএনজি (PNG) পরিষেবা চালু রয়েছে, সেখানকার গ্রাহকদের আগামী ৩০ জুনের মধ্যে এলপিজি (LPG) সংযোগ বর্জনের নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। গত মার্চ মাসে জারি করা এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী কোনও গ্রাহক একসঙ্গে এলপিজি এবং পিএনজি—এই দুই ধরণের গ্যাস সংযোগ রাখতে পারবেন না। গ্যাসের কালোবাজারি রুখতে এবং সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত ৯০ দিনের সময়সীমা ৩০ জুন শেষ হচ্ছে, তাই যাঁদের এলাকায় পিএনজি পরিষেবা রয়েছে, তাঁদের অবিলম্বে এলপিজি সংযোগ ছেড়ে পিএনজি বা পাইপলাইন গ্যাসে স্থানান্তরিত হতে হবে।
যাঁরা বর্তমানে এলপিজি এবং পিএনজি উভয় সংযোগই ব্যবহার করছেন, তাঁদের দ্রুত এলপিজি সংযোগ সমর্পণ করতে হবে। তবে যেসব এলাকায় এখনও পিএনজি পরিষেবার সুবিধা পৌঁছেনি, সেই সব অঞ্চলের গ্রাহকদের বর্তমান এলপিজি সংযোগে কোনও প্রভাব পড়বে না এবং তা আগের মতোই স্বাভাবিক থাকবে। পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে গ্রাহকদের সংশ্লিষ্ট এলাকায় পিএনজি সংযোগের প্রাপ্যতা যাচাই করে প্রয়োজনীয় পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। পিএনজি সংযোগ চালু হয়ে গেলে গ্রাহকদের পুরনো এলপিজি সংযোগটি বন্ধ করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।