২২ বছরে মাত্র ২ হাজার টাকা বেতন! এবার ফুঁসছেন মিড-ডে মিল কর্মীরা
দীর্ঘ ২২ বছর ধরে কেন্দ্রীয় প্রকল্পে নিরলস পরিষেবা দেওয়ার পরও মিড-ডে মিলের রন্ধনকর্মীদের মাসিক বেতন মাত্র দুই হাজার টাকা। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এই সম্মানীর পরিমাণ অত্যন্ত নগণ্য হওয়ায় চরম সংকটে পড়েছেন কর্মীরা। এই বঞ্চনার অবসান ঘটিয়ে আসন্ন রাজ্য বাজেটে বেতন বৃদ্ধির জোরালো দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী (মিড-ডে মিল) ইউনিয়ন। নিজেদের দাবিদাওয়ার বিষয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছে।
বেতন বৃদ্ধির পাশাপাশি রন্ধনকর্মীরা বছরে ১২ মাস কাজের ভিত্তিতে পূর্ণ ১২ মাসের বেতন নিশ্চিত করার দাবি তুলেছেন। সেই সঙ্গে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অবসরকালীন আর্থিক সুবিধা এবং উৎসবের মরশুমে পাঁচ হাজার টাকা বোনাসের দাবি জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, আসন্ন বাজেটে এই দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কর্মীরা। এর ফলে রাজ্যে মিড-ডে মিল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে লাখো শিক্ষার্থীর পুষ্টি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির ওপর।