১৮০ পড়ুয়ার শিক্ষার দায়িত্বে বিজয়-রশ্মিকা, নেপথ্যের কারণ কী?
দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানা ১৮০ জন মেধাবী শিক্ষার্থীর স্কলারশিপের দায়িত্ব গ্রহণ করেছেন। চলতি বছরের শুরুতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ‘দ্য দেবেরাকোণ্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে তেলেঙ্গানার আচমপেট মণ্ডলের থুম্মানপেট গ্রামের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। রবিবার নিজের পৈতৃক গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা।
মেধাবী শিক্ষার্থীদের পরিবারের ওপর থেকে আর্থিক চাপ কমানো এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিজয়ের বাবার জন্মস্থান থুম্মানপেট থেকে এই প্রকল্প শুরু হলেও ভবিষ্যতে সমগ্র তেলেঙ্গানা জুড়ে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শুরুতে থুম্মানপেটে নিজেদের নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে এই মহৎ উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রশ্মিকা মন্দানা এই কাজের অংশ হতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।