১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যে কী ঘটছে? মুখ্যমন্ত্রীর সেই বাম্পার ঘোষণা!
রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দিতে আগামী ১৫ থেকে ১৭ই জুন পর্যন্ত তিন দিনব্যাপী রাজ্যজুড়ে ‘জনকল্যাণ শিবির’ (JKS) আয়োজন করা হচ্ছে। ‘সিঙ্গেল-উইন্ডো’ ব্যবস্থার মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা এবং প্রকৃত উপভোক্তাদের মধ্যে বিদ্যমান দূরত্ব ঘুচিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে সরকারি কাজের জটিলতা দূর করে মানুষের হয়রানি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।
গ্রামীণ এলাকায় প্রতি ৭টি গ্রাম পঞ্চায়েত পিছু একটি এবং শহরাঞ্চলে ১০টি ওয়ার্ড পিছু একটি করে শিবির অনুষ্ঠিত হবে। পাশাপাশি, কলকাতা পৌরনিগমসহ সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিটি বরোতে একটি করে শিবির থাকবে। এই শিবিরে নাম নথিভুক্তকরণ, তথ্য যাচাই, সরাসরি পরিষেবা প্রদান এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে। পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে একটি বিশেষ আইটি পোর্টালের মাধ্যমে প্রতিটি খাতের অগ্রগতি নথিভুক্ত করা হবে।
কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্য পরিকল্পনা, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন দফতরকে নোডাল সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য, জেলা ও ব্লক স্তরে সুনির্দিষ্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যার রাজ্য স্তরের নেতৃত্বে থাকছেন মুখ্য সচিব। জেলাশাসক, এসডিও এবং বিডিওরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচির দায়িত্ব সামলাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের জন্য সমস্ত আধিকারিককে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।