১৫ বছর শুধু ডানদিকে তাকিয়ে ঘাড়ের সর্বনাশ, বিমানবাবুকে বেনজির তোপ ঋতব্রতর!

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে বিধানসভায় আলাদা ব্লক গঠন করলেন বিক্ষুব্ধ বিধায়করা। নিজেদের ‘প্রকৃত তৃণমূল কংগ্রেস সংসদীয় দল’ হিসেবে দাবি করে নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গ বিধানসভায় এক দমবন্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তিনি দাবি করেন, দেশের মধ্যে এই রাজ্যে সবচেয়ে কম দিন বিধানসভার অধিবেশন বসত এবং বছরে গড়ে ১৫ দিনের বেশি অধিবেশন চলত না, যা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে কাম্য নয়। তবে বর্তমান জমানায় রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার জন্য ছয় ঘণ্টা সময় বরাদ্দ হওয়াকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেছেন।

নাম না করে বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে ঋতব্রত কটাক্ষ করেন যে, অধ্যক্ষকে নিরপেক্ষ হতে হয়, কিন্তু গত ১৫ বছরে তিনি কেবল একতরফা বিধানসভা পরিচালনা করেছেন। হাসিম আব্দুল হালিমের নিরপেক্ষতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অধ্যক্ষ সবসময় ডানদিকে তাকিয়ে থাকলে ঘাড়ের স্পন্ডিলাইটিস হওয়া স্বাভাবিক। পাশাপাশি, বিরোধী দলনেতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার কথা উল্লেখ করে ঋতব্রত দাবি করেন যে, বর্তমানে প্রায় ৯৮ শতাংশ বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ক্ষমতা থাকলে আস্থা ভোট বা ফ্লোর টেস্ট করা হোক, তাহলেই প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *