১৩ বছরের দাম্পত্যের ইতি, কী জানালেন পবন কল্যাণ? – বর্তমান বাংলা

১৩ বছরের দাম্পত্যের ইতি, কী জানালেন পবন কল্যাণ? – বর্তমান বাংলা

বিচ্ছেদের পথে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ ও আন্না লেজনেভা

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত জীবনে বড়সড় পরিবর্তনের ঘোষণা দিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। রুশ নাগরিক স্ত্রী আন্না লেজনেভার সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক যৌথ বিবৃতিতে দম্পতি জানিয়েছেন, দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানছেন তাঁরা।

বিবৃতিতে পবন ও আন্না জানান, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম্পত্য সম্পর্কের অবসান ঘটলেও তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে। পাশাপাশি, তাঁদের দুই সন্তানের ভবিষ্যৎ, সুখ ও সুস্থতা যে আগামী দিনেও তাঁদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সে কথাও স্পষ্টভাবে জানিয়েছেন তাঁরা। এই ব্যক্তিগত সংকটের মুহূর্তে নিজেদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৩ সালে আন্না লেজনেভাকে বিয়ে করেছিলেন পবন কল্যাণ। তাঁদের সংসারে এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। এটি ছিল পবনের তৃতীয় বিবাহ। এর আগে ১৯৯৭ সালে তিনি নন্দিনীকে বিয়ে করেন এবং ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা ২০১২ সালে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়।

১৯৯৬ সালে অভিনয়জগতে পা রাখা পবন কল্যাণ বর্তমানে একদিকে যেমন দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম বড় তারকা, অন্যদিকে জনসেনা পার্টির প্রধান হিসেবে অন্ধ্রপ্রদেশের রাজনীতিরও অন্যতম গুরুত্বপূর্ণ মুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *