১১২ নম্বরের অপব্যবহার: সবংয়ে গ্রেপ্তার ১, পলাতক সঙ্গী

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নওগাঁ অঞ্চলের বড়সাবড়া গ্রামে জরুরি পরিষেবা নম্বর ১১২-তে বারবার ফোন করে মিথ্যা অভিযোগ জানানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শ্যামল মাইতি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শ্যামলের সঙ্গে থাকা প্রতাপ নায়েক নামে অপর এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে খুঁজছে।
গত দুদিন ধরে শ্যামল ও প্রতাপ নামে ওই দুই যুবক ১১২ নম্বরে ফোন করে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়, তারা মদ্যপ অবস্থায় ছিলেন। মিথ্যা অভিযোগ জানানোর পাশাপাশি তারা পুলিশের সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তিও করেন বলে অভিযোগ উঠেছে।
জরুরি পরিষেবার অপব্যবহার এবং পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্যামল মাইতিকে গ্রেপ্তার করে আজ খড়গপুর আদালতে পেশ করা হয়েছে। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ যে নম্বর ব্যবহার করেন, তার এমন অপব্যবহারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মতে, প্রকৃত বিপদে থাকা মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এমন আচরণ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।