১০ হাজার টাকার বেশি UPI তে পাঠাতে হবে বেশি সময়!
ডিজিটাল লেনদেনে নতুন নিয়ম: জালিয়াতি রোধে ১ মে থেকে চালু হচ্ছে ‘টাইম ডিলে’
ডিজিটাল আর্থিক লেনদেনে ক্রমবর্ধমান জালিয়াতি রুখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আগামী ১ মে থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবারের মতো কোনো ব্যক্তিকে ১০ হাজার টাকা বা তার বেশি অর্থ পাঠালে তা প্রাপকের অ্যাকাউন্টে জমা হতে অন্তত এক ঘণ্টা সময় লাগবে। মূলত সাইবার অপরাধীদের কবল থেকে সাধারণ গ্রাহকদের সুরক্ষা দিতেই এই ‘টাইম ডিলে’ বা বিলম্বের নিয়ম চালু করা হচ্ছে। এর ফলে ভুলবশত বা প্রতারণার শিকার হয়ে কোনো বড় অঙ্কের অর্থ লেনদেন করলে তা সংশোধন করার সুযোগ পাওয়া যাবে। গ্রাহক যদি নতুন কোনো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে প্রতারিত হন, তবে সেই এক ঘণ্টা সময়ের মধ্যে তিনি ব্যাংকিং সিস্টেমে অভিযোগ জানিয়ে লেনদেনটি বাতিল বা ‘হোল্ড’ করার সুযোগ পাবেন।
এই নিয়মটি শুধুমাত্র সেই সব অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাদের সাথে গ্রাহক আগে কখনও লেনদেন করেননি। তবে পরিচিত কন্টাক্ট নম্বর, নিয়মিত মার্চেন্ট পেমেন্ট, জরুরি চিকিৎসা সংক্রান্ত খরচ এবং অটো-ডেবিট বা রিকরিং পেমেন্টের ক্ষেত্রে কোনো বাড়তি সময় লাগবে না। অর্থাৎ দৈনন্দিন কেনাকাটা বা পরিচিতদের টাকা পাঠানোর ক্ষেত্রে আগের মতোই দ্রুত গতিতে কাজ করবে ইউপিআই। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ডিজিটাল জালিয়াতির সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই বিশাল আর্থিক ক্ষতি সামাল দিতেই কেন্দ্রীয় ব্যাংক দ্রুত গতির পরিবর্তে নিরাপদ লেনদেনকে অগ্রাধিকার দিচ্ছে। ১ মে থেকে নতুন কাউকে বড় অঙ্কের অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রাহকদের এই সময়সীমার কথা মাথায় রেখে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।