১০০ কোটির অবৈধ সম্পত্তি, শ্রীঘরে ভূমি দফতরের শীর্ষ আধিকারিক!
তেলঙ্গানার ভূমি দফতরের যুগ্ম অধিকর্তা সুঙ্কারি নরহরি রাওয়ের বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তির হদিস পেয়েছেন রাজ্যের দুর্নীতিদমন শাখার (এসিবি) তদন্তকারীরা। সরকারি এ আধিকারিকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি উদ্ধার করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত এই বিপুল সম্পত্তির অভিযোগে অভিযুক্ত আধিকারিককে গ্রেফতার করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার হায়দরাবাদের বাসিন্দা নরহরি রাওয়ের নিজস্ব ও আত্মীয়দের মোট নয়টি ঠিকানায় একযোগে অভিযান চালায় এসিবি। তল্লাশিতে রঙ্গারেড্ডি, মহেশ্বরম, পুপ্পালাগুড়া, নরসিংহীন, রাজেন্দ্রনগর ও গাছিবোওলিতে একাধিক ফ্ল্যাট, বিলাসবহুল বাংলো ও কয়েক একর জমির হদিস মিলেছে। এর পাশাপাশি নগদ দেড় কোটি টাকা, ব্যাঙ্কের লকারে আড়াই কোটি টাকা, ৫ কোটি টাকার স্থায়ী আমানত এবং বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের পারিবারিক ব্যাঙ্কের লকারগুলো এখনও খোলা বাকি রয়েছে এবং তদন্তকারীরা ধারণা করছেন, এই দুর্নীতির শিকড় আরও গভীরে বিস্তৃত।