হিজাব ছাড়া গানে মত্ত হওয়ায় চাবুক মারার নির্দেশ, ইরানি গায়িকার ভাগ্যে কী ঘটছে?
অনলাইনে হিজাব ছাড়া গান গাওয়ার দায়ে ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ ঘা চাবুক মারার শাস্তি দিয়েছে দেশটির একটি আদালত। ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে আয়োজিত এক কনসার্টে কালো স্লিভলেস পোশাক পরিধান করে এবং হিজাব ছাড়া পুরুষ শিল্পীদের সঙ্গে পারফর্ম করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোম প্রদেশের আদালত পারাস্তুর পাশাপাশি তাঁর সঙ্গে থাকা আরও আটজন শিল্পীকে দোষী সাব্যস্ত করেছে। চাবুকের শাস্তির পাশাপাশি পারাস্তুর ওপর আগামী দুই বছরের জন্য দেশত্যাগ এবং শিল্পী হিসেবে পারফর্ম করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইরানের আইনজীবীদের একটি অংশের মতে, দেশটিতে নারীদের গান গাওয়া সরাসরি দণ্ডনীয় কোনো অপরাধ নয়, তবুও এ ধরনের কঠোর রায় প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই সাজার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ইরানের নারীবিদ্বেষী ও কট্টরপন্থী মানসিকতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, এই নজিরবিহীন শাস্তির ফলে ইরানে নারীদের বাকস্বাধীনতা ও সাংস্কৃতিক চর্চা আরও সংকুচিত হয়ে পড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে।